প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
হালতি বিলে রাতভর অভিযান, মাদক সেবনসহ নানা অপরাধে ৮ জনের দণ্ড
নাটোর প্রতিনিধি: ||
নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হালতি বিলে বিশেষ নৈশ অভিযান চালিয়ে মাদক সেবন, অবৈধভাবে মাছ ধরা ও শব্দদূষণের দায়ে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৩টা পর্যন্ত টানা ছয় ঘণ্টার এ অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে সিংড়ার বারোইহাটি গ্রামের মো. সেলিম (৪০) ও মো. সেন্টু প্রামাণিককে (৩০) ১০ দিন করে এবং মহেষচন্দ্রপুর গ্রামের মো. মিল্লাত (১৯), বারোইহাটি গ্রামের মো. রাকিব হোসেন (২৫) ও মো. স্বাধীনকে (১৯) সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।এ ছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অবৈধভাবে মাছ ধরার দায়ে বড়বারইহাটি গ্রামের মো. মহসিনকে (৬০) ৯ হাজার টাকা এবং ঢাকঢোল গ্রামের মো. চান্দুকে (৫৪) ৬ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে নগরমাঝগ্রামের মো. সোহানকে (২১) ১৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, হালতি বিলের জলজ জীববৈচিত্র্য রক্ষা, পোনা মাছ নিধন রোধ এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত