প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
নেপালের দুই বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক ||
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় দেশটির দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্র দুটি হলো ২২ দশমিক ১ মেগাওয়াটের চিলিমে হাইড্রোপাওয়ার এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলি হাইড্রোপাওয়ার প্রকল্প।বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ আগস্ট ভোতে কোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যা হয়। এতে ব্যাপক প্রাণহানির পাশাপাশি বিভিন্ন অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মধ্যে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পও রয়েছে।বর্ষা মৌসুমে নেপালের নদীগুলোতে পানির প্রবাহ বাড়ায় জলবিদ্যুৎ উৎপাদনও বেড়ে যায়। এতে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করে নেপাল।সম্প্রতি ভারতের বিদ্যুৎ সঞ্চালন গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল। কিন্তু বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পাওয়া দুটি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ বন্ধ হয়ে গেছে।কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পর কেন্দ্র দুটির উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে গত সপ্তাহ থেকেই বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না।নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী দুটি কেন্দ্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় বিকল্প কোনো জলবিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের সুযোগ দিতে ভারতকে অনুরোধ করা হয়েছে।নেপাল বর্তমানে আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান শক্ত করছে। শুষ্ক মৌসুমেও দেশটি গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করত। তবে সাম্প্রতিক বন্যা ও বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় রপ্তানির পরিমাণ কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে।একসময় শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় নেপালকে বিদ্যুৎ আমদানি করতে হতো। তবে জলবিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণের ফলে বর্তমানে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করছে দেশটি।ভারতের বিদ্যুৎ সঞ্চালন গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু হয়েছিল মার্কিন ডলারে মূল্য পরিশোধের ভিত্তিতে। বন্যার কারণে আপাতত সেই সরবরাহ বন্ধ থাকলেও বিকল্প প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত