প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ইবিতে শিক্ষা বৃত্তি পেলেন ৩৬০ জন খুদে শিক্ষার্থী
ইবি প্রতিনিধি,, আবদুল্লাহ রহমান: ||
ক্যাম্পাস সংলগ্ন প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বৃত্তি ও সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) স্টুডেন্ট’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বৃত্তি পরীক্ষায় পার্শ্ববর্তী শৈলকূপা ও ইবি থানার প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এরমধ্যে চতুর্থ থেকে নবম শ্রেণির ৩৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।এসময় সংগঠনটির পরিচালক আবু তামিমের সভাপতিত্বে ও সোয়াইব আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল-ইমান দাওয়াহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল মামুন, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক ড. আকতার হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান। এছাড়া সংগঠনটির চেয়ারম্যান ইউসুফ আলী, ব্যবস্থাপক রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, চতুর্থ শ্রেণি থেকেই নিয়মিত ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে আসছে এবং প্রতিবারই সফলভাবে বৃত্তি পেয়ে যাচ্ছে তারা। পরীক্ষাতেই বৃত্তি পাওয়ার অনুভূতি তাদের ও তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং নিজেদের যোগ্যতা যাচাই করার জন্য এই প্রতিযোগিতামূলক আয়োজনগুলো দারুণ একটি সুযোগ তৈরি করে দেয় বলে মন্তব্য করেন খুদে মেধাবী শিক্ষার্থীরা।সংগঠনটির সভাপতি ইউসুফ আলী বলেন, “আমাদের সকলের মধ্যে দেশের জন্য ভালো কিছু করার স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন পূরণের জন্য পরিশ্রমী হতে হবে। অনেকে বিভিন্নভাবে আমাদের লক্ষ্যচূত করার চেষ্টা করবে। মাদক কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দিচ্ছে। পিতা-মাতার উচিত সন্তানের খোঁজ-খবর রাখা।”তিনি আরও বলেন, “সন্তানদের সুশিক্ষার মাধ্যমে নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতা সম্পন্ন মানুষ একটি সুন্দর দেশ উপহার দিতে পারেন। এক্ষেত্রে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। তাই, আমাদের উচিত সন্তানের ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা।”
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত