প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানের হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু প্রস্তাবই নয়, নতুন নাম দিয়ে হরমুজ প্রণালির একটি মানচিত্রও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস।বুধবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইঙ্গিত দেন। একই দিনে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে ‘ট্রাম্প প্রণালি’ লেখা একটি মানচিত্র প্রকাশ করা হয়।পোস্টে ট্রাম্প লেখেন, “এখন যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাহলে কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত?”তিনি আরও মন্তব্য করেন, আমেরিকার মতো এটিও আগের চেয়ে আরও ‘উষ্ণ’ হয়ে উঠবে।পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই জলপথের ওপর নির্ভরশীল। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।হরমুজ প্রণালি ভৌগোলিকভাবে ইরান ও ওমানের মধ্যবর্তী জলপথ। তবে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর মধ্যে ইরান প্রণালিটি ব্যবহার করতে ইচ্ছুক বিদেশি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এর তীব্র বিরোধিতা করে।এর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করায় দেশটির বন্দরে বিদেশি ও দেশীয় জাহাজের প্রবেশ ও বের হওয়ার পথও কার্যত বন্ধ হয়ে গেছে।এক মাসের বেশি সময়ের অনানুষ্ঠানিক বিরতির পর গত রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সংঘাত শুরু হয়েছে। সৌদি আরবের দুটি ট্যাংকার গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের সময় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায়। সৌদি আরব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। প্রাকৃতিক জলপথ ও ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ করার উদ্যোগ নেন।এরপর গত জুলাইয়ে কানাডার অন্টারিও প্রদেশ ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যকে পৃথককারী লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘আমেরিকা হ্রদ’ করার উদ্যোগ নেন তিনি।এবার সেই তালিকায় যোগ হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। ট্রাম্পের প্রস্তাব বাস্তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে কি না, তা নিয়ে অবশ্য বড় প্রশ্ন রয়েছে। কারণ হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিকভাবে পরিচিত ভৌগোলিক নাম এবং এর নাম পরিবর্তন শুধু যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে কার্যকর হওয়ার বিষয় নয়।তবে ট্রাম্পের এই প্রস্তাব নতুন করে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত