প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি প্রতিনিধি: ||
পারিবারিক ব্যবসা নিয়ে গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। জার্মানির অলাভজনক প্রতিষ্ঠান ওয়াইফু ফাউন্ডেশন (WIFU Foundation) প্রকাশিত প্রথম ‘ফ্যামিলি বিজনেস রিসার্চ ইনডেক্স ২০২৬’-এ বিশ্বের ২ হাজার ৩৪৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৪তম অবস্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।সম্প্রতি প্রকাশিত এ সূচকে পারিবারিক ব্যবসা বিষয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়ন করা হয়েছে। এ স্বীকৃতিকে গবেষণার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে ওপেনঅ্যালেক্সে (OpenAlex) সূচিবদ্ধ গবেষণা প্রকাশনার ভিত্তিতে এ র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকর্মের পাশাপাশি সংশ্লিষ্ট জার্নালের অবস্থানও বিবেচনায় নেওয়া হয়েছে। ওয়াইফু ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, র্যাঙ্কিংবিহীন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের জন্য শূন্য স্কোর নির্ধারণ করা হয়েছে।ওপেনঅ্যালেক্স বিশ্বব্যাপী গবেষণা প্রকাশনা ও সংশ্লিষ্ট তথ্যের একটি উন্মুক্ত ও বিনামূল্যের তথ্যভান্ডার এবং নলেজ গ্রাফ। এর মাধ্যমে বিভিন্ন গবেষণা, গবেষক, প্রতিষ্ঠান ও প্রকাশনার তথ্য বিশ্লেষণ করা যায়।ওয়াইফু ফাউন্ডেশন ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। জার্মানির উইটেন শহরে অবস্থিত প্রতিষ্ঠানটি পারিবারিক ব্যবসা, উদ্যোক্তা পরিবার এবং পারিবারিক ব্যবসার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে গবেষণা, শিক্ষা ও জ্ঞান বিনিময়ে কাজ করে থাকে।এ অর্জনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া নিঃসন্দেহে আনন্দের ও গর্বের বিষয়। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণাকর্মে আরও উৎসাহ জোগাবে।তিনি বলেন, গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ প্রকাশ এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্য অর্জনে গবেষকদের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি এবং গবেষণার পরিধি সম্প্রসারণে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত