প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
যশোরে বিএনপি কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
||
প্রথমবারের মতো দেশে কোনো রাজনীতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু হলো। বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে দুই কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন করা হয়।বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজে মোনাজাত পরিচালনা করে সৌরবিদ্যুৎ সিস্টেম চালু করেন।নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ সিস্টেমের মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার সাহায্যে জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।তিনি বলেন, যশোর বিএনপির কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালুর মধ্যে দিয়ে অন্য রাজনীতিকদলগুলোও তাদের সারাদেশের কার্যালয়ে এই সোলার বসানোর আগ্রহ দেখাবে। জেলা বিএনপির এই বিনিয়োগ আগামী সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দ্রুত সেচের পাম্পগুলোতে সৌরবিদ্যুৎ প্রকেল্পর আওতায় আনা হবে। বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে, যেসব স্থানে ডিজেল দিয়ে পানির পাম্প চালানো হয়, সেখানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দ্রুত সেচের পাম্পগুলোতে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনা হবে। যাতে করে বিদ্যুৎ ও ডিজেলের ওপর চাপ কমে। সূর্যের তাপ থেকে এসব সেচ পরিচালনা সহজ হবে।তিনি আরও বলেন, সারাদেশে সৌরবিদ্যুতের ওপর মানুষের যে আগ্রহ, তাতে আগামী গ্রীষ্মের আগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে অতিরিক্ত তিন হাজার থেকে চার হাজার মেগাওয়াট উৎপাদনে সক্ষম হবে।যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু বলেন, বর্তমানে সারাবিশ্বেই জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। নিজস্ব ও নবায়নযোগ্য প্রযুক্তি ব্যবহার করে কীভাবে আমরা বিদ্যুৎ চাহিদা মেটাতে পারি, সেই প্রয়াস থেকে জেলা বিএনপি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। প্রাথমিক আমরা দুই কিলোওয়াট প্যানেল বসিয়েছি। ইনভাটার সিস্টেমের মাধ্যমে পরবর্তীতে ছয় কিলোওয়াটে নেওয়া যাবে। যত দূর জানি, রাজনৈতিক কার্যালয়ে যশোরই প্রথম জেলা, যারা সোলার সিস্টেম চালু করেছে। এই মডেল সারাদেশে রাজনীতিক দলগুলো তাদের কার্যালয়ে বাস্তবায়ন করলে বিদ্যুৎ সংকট দূর হবে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত