প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
নলডাঙ্গায় কৃষি বন্ধু সোলার পাম্প গ্রুপের যাত্রা শুরু
নাটোর প্রতিনিধি:, মোল্লা মো: আরিফুল ইসলাম ||
কৃষকদের সেচব্যবস্থাকে আরও সাশ্রয়ী, সহজ ও পরিবেশবান্ধব করতে নাটোরের নলডাঙ্গায় যাত্রা শুরু করেছে ‘কৃষি বন্ধু সোলার পাম্প গ্রুপ’। আধুনিক সৌরপ্রযুক্তির মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা পৌঁছে দেওয়া এবং ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় নলডাঙ্গার মাধনগরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধনী আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাজু। এতে উপস্থিত ছিলেন কৃষি বন্ধু সোলার পাম্প গ্রুপের দুই পার্টনার এমডি সোহেল রানা (শোয়েব) ও মোহাম্মদ রমজান আলী।কৃষি বন্ধু সোলার পাম্প গ্রুপের পার্টনার এমডি সোহেল রানা (শোয়েব) ও মোহাম্মদ রমজান আলী বলেন, তাঁদের উদ্দেশ্য শুধু সোলার পাম্প সরবরাহ করা নয়; বরং কৃষকদের প্রয়োজন অনুযায়ী মানসম্মত যন্ত্রপাতি ও আধুনিক সেচব্যবস্থা নিশ্চিত করা। একই সঙ্গে সারা বাংলাদেশে বিক্রয়োত্তর সার্ভিস সাপোর্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।তিনি আরও বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়ন। আধুনিক প্রযুক্তিকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে কৃষিকে আরও সমৃদ্ধ করতে তাঁরা কাজ করতে চান।কৃষি বন্ধু সোলার পাম্প গ্রুপের স্লোগান ‘কৃষকের পাশে, সেচের পানির নিশ্চয়তায়।উপস্থিত সচেতন মহলের ব্যক্তিরা জানান,বর্তমানে দেশের বিদ্যুৎ সমস্যা ও তেলের মুল্য বৃদ্ধির কারণে কৃষকদের আবাদে অনেক সমস্যা হচ্ছে। সেই থেকে সৌরবিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে দিনের আলো ব্যবহার করে কৃষিজমিতে সেচ দেওয়ার সুযোগ তৈরি হবে। এতে একদিকে যেমন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে কৃষকদের সেচ খরচ কমানোর সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারও বাড়বে।এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা পারভেজ ও মোহাম্মদ আশরাফ উদ্দৌলা আকন্দ (খোকন), স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার মৃধা, ইউপি সদস্য কাজী ফরিদ ইসলাম, আব্দুল সাত্তার দেওয়ান, উজ্জ্বল হুজুর, উজ্জ্বল খন্দকার কিশোর, মোহাম্মদ সাগর, মোহাম্মদ মিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত