প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
নাটোরে নলডাঙ্গায় সার বিতরণে লাইনে দাঁড়ানো নিয়ে দফায় দফায় সংঘর্ষ
নাটোর প্রতিনিধি ||
নাটোরের নলডাঙ্গায় সার সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পৌর এলাকার বিসিআইসি সার ডিলার শ্যাম সুন্দর আগরওয়ালের দোকানে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন কৃষক আহত হয়েছেন। পরে পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই সার সংগ্রহের জন্য ওই ডিলারের দোকানের সামনে শত শত কৃষক লাইনে দাঁড়ান। এ সময় লাইনে আগে-পরে দাঁড়ানোকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। স্থানীয়রা প্রথমে পরিস্থিতি সামাল দিলেও বেলা সাড়ে ১১টার দিকে একই বিষয় নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন কৃষকেরা। এতে আরও কয়েকজন আহত হন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগের দিন বুধবারও উপজেলার মাধনগর এলাকায় সার বিতরণকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।বিসিআইসি সার ডিলার শ্যাম সুন্দর আগরওয়াল বলেন, সকাল ৯টা থেকে উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে নিয়মতান্ত্রিকভাবে সার বিতরণ করা হচ্ছিল। কৃষকেরা লাইনে দাঁড়িয়ে সার নিচ্ছিলেন। হঠাৎ কিছু উচ্ছৃঙ্খল লোক হট্টগোল সৃষ্টি করায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কৃষি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সারসংকটের কোনো কারণ নেই, পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে।উপজেলা কৃষিবিদ সবুজ আলী বলেন, উপজেলায় পর্যাপ্ত সারের বরাদ্দ রয়েছে। ডিলাররা নিয়মিত সার উত্তোলন ও বিতরণ করছেন। পৌর এলাকার ডিলার পয়েন্টে সার বিতরণের সময় কিছু কৃষকের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।তিনি আরও বলেন, ঘটনার সময় উপসহকারী কৃষি কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। পরে উপজেলা কৃষি বিভাগ থেকেও কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের আশ্বস্ত করেন। বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। ফসল আবাদ শুরু হতে আরও প্রায় ১৫ থেকে ২০ দিন সময় রয়েছে। কিন্তু অনেক কৃষক আগাম সার সংগ্রহ করে বাড়িতে মজুত রাখতে চাইছেন। এ কারণে ডিলারদের সঙ্গে বৈঠক করে নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে সার বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কৃষি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত