প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
বারনই নদীতে মাছের মিছিল, রহস্য ঘিরে চাঞ্চল্য
নাটোর প্রতিনিধি: ||
নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদীর বিভিন্ন স্থানে হঠাৎ বিপুল পরিমাণ মাছ ভেসে ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুঁটি, টেংরা, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ পানির ওপর ভেসে উঠতে দেখে নদীপাড়ের মানুষ জাল-খাঁচি নিয়ে মাছ ধরতে নদীতে নেমে পড়েন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বাঁশিলা, শ্যামনগরসহ বিভিন্ন এলাকায় মাছ ভেসে ওঠার দৃশ্য দেখা যায়। স্থানীয়দের দাবি, একসঙ্গে এত মাছ ভেসে ওঠার ঘটনা অস্বাভাবিক।মাছ ভেসে ওঠার কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে বিষ প্রয়োগ বা পানিদূষণের আশঙ্কা তৈরি হয়েছে। তবে প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী বলেন, নদীর পানি ও মাছ পরীক্ষা করে কারণ দ্রুত শনাক্ত করা প্রয়োজন। পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ভেসে ওঠা মাছ না খাওয়ার জন্যও তিনি সতর্ক করেন।নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ জানান, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ইউএনও শাম্মী আক্তারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।স্থানীয়রা দ্রুত নদীর পানি ও মাছের নমুনা পরীক্ষা করে মাছ ভেসে ওঠার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত