প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
লেবাননে নিহত শুভ দাসের মরদেহ সাতক্ষীরায়
এম. ইদ্রিস আলী, সাতক্ষীরা ||
ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাসের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিহত হওয়ার তিন মাস ২৫ দিন পর মরদেহটি নিজ বাড়িতে আনা হয়।শুভর মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম শুরু হয়। খবর পেয়ে গ্রামবাসীও বাড়িতে ছুটে আসেন। এ সময় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।এর আগে চলতি বছরের ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। হতদরিদ্র পরিবারের সন্তান শুভ জীবিকার তাগিদে নিহত হওয়ার প্রায় আড়াই বছর আগে লেবাননে পাড়ি জমান।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে শুভর পরিবারকে ৮৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ টাকা এবং কয়েক মাস পর জীবনবীমার আওতায় আরও অনুদান পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে থাকা সাতক্ষীরার তিনজন নিহত হন। তাদের মধ্যে শুভ দাসের বাড়ি কলারোয়ায়। অপর দুজন হলেন আশাশুনির নাহিদুল এবং সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকার শফিকুল ইসলাম। তাদের মরদেহ আগেই নিজ নিজ বাড়িতে পৌঁছেছে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত