প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বিকল্প ফসল চাষে কৃষকদের আহ্বানা
মো. আবু সুফিয়ান,, আলীকদম (বান্দরবান): ||
বান্দরবানের আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিত করে কৃষকদের বিকল্প ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আলীকদমের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের সচেতন করা হয়। একই সঙ্গে তামাকের পরিবর্তে খাদ্যশস্য, শাকসবজি ও অন্যান্য লাভজনক ও পরিবেশবান্ধব ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হয়।সভায় বক্তারা বলেন, তামাক চাষের কারণে দীর্ঘমেয়াদে কৃষিজমির উর্বরতা কমে যায়। পাশাপাশি তামাক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। এ কারণে তামাকের পরিবর্তে কৃষকরা বিভিন্ন খাদ্যশস্য, শাকসবজি ও অর্থকরী ফসল চাষ করলে একদিকে যেমন জমির উৎপাদনশীলতা রক্ষা করা সম্ভব, অন্যদিকে কৃষকরাও আর্থিকভাবে লাভবান হতে পারেন।বক্তারা আরও বলেন, তামাকের বিকল্প ফসল চাষে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ কাজ করছে। কৃষকদের লাভজনক বিকল্প ফসলের বিষয়ে পরিকল্পিতভাবে পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।এ সময় কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে কৃষকদের বিভিন্ন বিকল্প ফসল চাষের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় এবং কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত