প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রীা
বিশেষ প্রতিবেদক ||
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি জঘন্য অপরাধের ঘটনা দ্রুততম সময়ে উদ্ঘাটন, অপরাধীদের গ্রেপ্তার এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জঘন্য অপরাধের ঘটনাগুলো দ্রুত উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব ঘটনা তদন্তসাপেক্ষ, সেগুলোর অগ্রগতি তদন্ত শেষে জানা যাবে।সম্প্রতি কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গে মন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে কিশোরের মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নিহত কিশোরের ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।মন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের কিশোর অপরাধ চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। দ্রুত আইনি কার্যক্রম শেষ করে চার্জশিট দাখিলের উদ্যোগ নেওয়া হবে। রামিসা হত্যাকাণ্ডের মতো এ মামলার বিচারও দ্রুত সম্পন্ন করতে বিচার বিভাগকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।শিশু নিখোঁজের পরিসংখ্যান প্রসঙ্গে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সামাজিক অবক্ষয়কে অপরাধের অন্যতম কারণ উল্লেখ করে শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটানো হয়েছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অন্যদের শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর গঠনমূলক সমালোচনা ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে। চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে বিরোধী দলের লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহযোগিতা করেছে।বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে উদাসীনতাকে সংকটের কারণ হিসেবে উল্লেখ করেন। দেশের শিল্পখাতে গ্যাস সরবরাহ বজায় রাখতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনার কথা জানান তিনি। এরই মধ্যে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলেও জানান।তেজগাঁওয়ের একটি মসজিদে নামাজ শেষে গোপন বৈঠকের অভিযোগে ২৩ জনকে আটকের বিষয়ে মন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছিল। মোবাইল ফোন ফরেনসিক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো প্রমাণ না পাওয়ায় ১১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে পাওয়া তথ্য অনুযায়ী, তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গঠনের চেষ্টা করছিল বলে জানান তিনি।উগ্রবাদী তৎপরতার বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জড়িতদের বিরুদ্ধে মামলা করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী তদন্ত চলছে।প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত