জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সড়ক দূর্ঘটনা

টেকনাফের হোয়াইক্যংয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত-২, আহত ৫

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-কেরুনতলী সড়কে সিএনজি ও অন্য একটি মিনি ট্রাক সংঘর্ষে ঘটনা স্থলে মোঃ এনায়েত সিএনজি (চালক) নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নিহত এনায়েত রামু উপজেলার চেইন্দা এলাকার বাসিন্দা।শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালক মোঃ এনায়েত নিহত হন। আহতদের মধ্যে হ্নীলা মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের শিক্ষক ফারদিন হেলালও রয়েছেন।আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাদের চাকমারকুলের সেভ দ্য চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একই স্থানে প্রায় দুই মাস আগেও ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছিলেন। আহত পাঁচ জনের মধ্যে আরো এক জন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।এদিকে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনিয়ন্ত্রিতভাবে চলাচলকারী ডাম্পার ট্রাক ও মিনি পিকআপের বেপরোয়া গতির কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব যানবাহনের চালকদের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।স্থানীয়দের মতে, সড়কে শৃঙ্খলা ফেরাতে ডাম্পার ট্রাক ও মিনি পিকআপের চলাচল তদারকি জোরদার এবং দায়ীদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আবছার জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে একটি মিনিট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক নিহত হন এবং গুরুতর আহত হন আরও পাঁচজন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ তদন্ত এবং মিনিট্রাকচালক'কে আটক করতে হোয়াইক্যং হাইওয়ে থানার মোবাইল টিম কাজ করছে।

টেকনাফের হোয়াইক্যংয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত-২, আহত ৫