জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

লামায় খেলাফত মজলিশের সমাবেশ, গণভোটের দাবি

বান্দরবানের লামায় বাংলাদেশ খেলাফত মজলিশের উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দেশের চলমান বিভিন্ন সংকট, জনদুর্ভোগ ও নাগরিক অধিকার নিয়ে বক্তব্য দেন দলটির নেতারা। একই সঙ্গে গণভোট বাস্তবায়নের দাবি তুলে জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে লামা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিশ বান্দরবান দক্ষিণ জেলা শাখার উদ্যোগে এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশের শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। প্রধান আলোচক ছিলেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক দেশের চলমান বিভিন্ন সংকট ও জনদুর্ভোগ নিয়ে সরকারের সমালোচনা করেন। তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি গণভোট বাস্তবায়নের বিষয়ে জোরালো বক্তব্য তুলে ধরে জনগণের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত লং মার্চ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি অংশগ্রহণের আহ্বান জানান।মামুনুল হক বলেন, জনগণের অধিকার ও দাবি প্রতিষ্ঠার জন্য মাঠের কর্মসূচি ও আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি লং মার্চ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় শুরা সদস্য ও বান্দরবান দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আবু তৈয়্যব হোসেন। সঞ্চালনা করেন বান্দরবান দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা শফিকুর রহমান আজাদ।এছাড়া ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দও সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মো. ইব্রাহিম ও এনসিপির আহ্বায়ক নাজমুল হাসান। তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনস্বার্থ ও নাগরিক বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য দেন।সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিশের নেতাকর্মীরা নাত ও গজল পরিবেশন করেন। এতে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।নাগরিক সমাবেশকে কেন্দ্র করে লামা পৌর বাস টার্মিনাল এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন সংকট নিরসন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। পরে প্রধান অতিথি আল্লামা মামুনুল হকের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের মূল পর্ব শেষ হয়।

লামায় খেলাফত মজলিশের সমাবেশ, গণভোটের দাবি